কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার।
কৃতি শিক্ষার্থীদের উদ্দ্যেশে জেলা প্রশাসক রোজী আকতার বলেন, যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছো, সেই কৃতি শিক্ষার্থীদের আমি জেলা প্রশাসন ও আমার নিজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের এই সাফল্য একদিনের নয়। এর পেছনে রয়েছে তোমাদের না ঘুমানো রাত, শিক্ষকদের নিখুঁত দিকনির্দেশনা এবং অভিভাবকদের অন্তহীন ত্যাগ। আজকের এই ফলাফল প্রমাণ করে যে, সততা ও পরিশ্রমের বিকল্প নেই। তবে মনে রাখবে, এই অর্জন কেবল একটি সিঁড়ি মাত্র। সামনে আরও অনেক বড় পথ পাড়ি দিতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক রোজী আকতার বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না; একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের মনে রাখতে হবে, দেশ ও সমাজের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। তোমরা যারা মেধার স্বাক্ষর রেখেছো, তোমরাই আগামীর বাংলাদেশ। আগামী দিনে দেশ পরিচালনার চাবিকাঠি থাকবে তোমাদেরই হাতে।তোমাদের কাছে আমার প্রত্যাশা—তোমরা কখনো সততার পথ থেকে সরে দাঁড়াবে না। দেশপ্রেমকে বুকে ধারণ করে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের তৈরি করবে। মাদক, জঙ্গিবাদ ও নেতিবাচকতা থেকে দূরে থেকে সবসময় ইতিবাচক কাজের সাথে যুক্ত থাকবে।পরিশেষে, আমি ধন্যবাদ জানাই সেইসব শিক্ষক ও অভিভাবকদের, যারা তিল তিল করে আজকের এই সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলেছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, অভিভাবকদের পক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন ও সাবেক পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তাসনিয়া মোস্তফা, দশম শ্রেণীর শিক্ষার্থী নুজরাত জাহান ইশফা, মাইশা ফাইরোজ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন কৃতি শিক্ষার্থীকে সনদ ও বই উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক রোজী আকতার কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
