পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে এসব জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।
আদালতের কার্যক্রমে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্ট, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট মজুতের পাশাপাশি নিম্নমানের ঘি এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এ ছাড়া বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রেখে পরিদর্শন কাজে অসহযোগিতার অভিযোগ ওঠে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডে অভিযানকালে তেলাপোকার উপস্থিতি, পোকামাকড়যুক্ত ম্যাংগো পাল্প এবং পোড়া তেল ব্যবহারের তথ্য পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উৎসব সুপার শপে মেয়াদোত্তীর্ণ মোমোস, নষ্ট মসলা ও চকোলেট বিক্রির অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশে মাংস সংরক্ষণ এবং প্রয়োজনীয় লেবেলিং ছাড়াই খাদ্যপণ্য বিক্রির বিষয়টি শনাক্ত হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রিও ক্যাফে-মাজায়দারে পচা-বাসি খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ভোক্তার নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খাদ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
