মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) লামা থানাধীন ৭নং ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সভাপতিত্বে আয়োজিত পথসভা ও র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
পথসভা শেষে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। পরে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এলাকায় চেকপোস্ট পরিচালনা করে লামা থানা পুলিশ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
