কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), পৌর এলাকার শ্রীপুরের মৃত কালা মিয়ার ছেলে (প্রতিবন্দি) সামছুল হক (৬৫) ও গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আল জাবির অভি (২২)। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার বাড়ির উঠানে থাকা তারে রোদে কম্বল শুকাতে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হন। এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মঙ্গলবার রাতে গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে পায়ে হেঁটে বাড়ীতে যাওয়ার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত আল জাবির অভি।
এরপর বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অসুস্থ্যবোধ করে এবং ঘটনার বিষয়টি স্বজনদের অবহিত করলে, তাকে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বুধবার দুপুরে বলেন, ‘হাসপাতালে আনার আগেই বিলকিছ আক্তার ও সামছুল হক মৃত্যুবরণ করেছেন। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে কুমিল্লা মেডিকেলে পাঠানোর পর মৃত্যুর খবর শুনেছি’।
চট্টগ্রামনিউজ/ এসডি/
