খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়’ দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ অংশ নেন।
রামগড়ের হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকাল ৬টায় রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫ কিলোমিটার ম্যারাথন শুরু হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক ইমাজ উদ্দিন এবং খাগড়াছড়ির অ্যাথলেটিক্স প্রশিক্ষক জীবন ত্রিপুরা।
আয়োজকেরা জানান তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
