চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) নগরের পাহাড়তলী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযানে জাবেদ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল কেওড়াজল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম বাজার কমিটির তোপের মুখে পড়েন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অনুযায়ী অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
