বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছেন একজন পর্যটক। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়।
ঘটনার সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে চারজন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা এবং মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
শনিবার (২৫শে জুলাই)বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক,লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর থেকেই বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
উদ্ধার অভিযান আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান শুরু হবে।
বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
