অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে এ সাফল্য মেলে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় ভোররাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক ১টি ফিশিং বোট ও ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকর ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার ও পাচারকাজে ব্যবহৃত ২টি বোট জব্দসহ ১০ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা পণ্য, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
