টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার সকাল থেকে বান্দরবানের আলীকদমে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নদীর পানি কিছুটা নামলেও উপজেলার নিম্নাঞ্চল, নদীতীরবর্তী এলাকা ও কৃষিজমি এখনো পানির নিচে রয়েছে। এতে শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ১ নং আলীকদম সদর ও ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা। শতাধিক বসতঘর প্লাবিত হয়েছে, আর অনেক পরিবার আশ্রয়কেন্দ্র ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। পানি নামতে শুরু করলেও নিচু এলাকার ঘরবাড়ি ও আঙিনা এখনো জলমগ্ন রয়েছে।
আলীকদম-লামা সড়কের ওপর দিয়ে পানি নেমে গেলেও বিভিন্ন স্থানে কাদা জমে থাকায় যান চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি ও পিকআপ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সড়ক পরিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম শুক্রবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রশাসন জানিয়েছে, চারটি ইউনিয়নে ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রয়েছে।
এদিকে সেনা জোন, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও দুর্গতদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।
তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। শত শত একর জমির আমন ধান ও মৌসুমি সবজি পানির নিচে তলিয়ে আছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
