বান্দরবানে সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের অতিবৃষ্টিপাতের কারনে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে আর্ত মনবতার সেবায় নিবেদিতপ্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের,বান্দরবান সেনা জোন ছুটে যাচ্ছেন বন্যা কবলিত মানুষের দোরগোড়ায়।
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ (শুক্রবার) ১০ই জুলাই সকাল ৯টায়,বান্দরবান সদর জোনের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এসময় ৫৩টি পানিবন্দি পরিবারের মাঝে দৈনন্দিন অপরিহার্য সামগ্রীর প্রয়োজন মেটাতে, চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, পাশাপাশি সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বন্যা পরিস্থিতির শুরু থেকে তাদের এলাকায় পূর্বে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এ মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মংপু মারমা,পাড়া কারবারি, উনুচিং মং , উসই মং কারবারি সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বান্দরবান সেনা জোনের পক্ষ হতে জানানো হয়,জেলার যে কোন দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা বান্দরবান সেনা জোন অঙ্গীকারাবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা,আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।
চট্টগ্রামনিউজ/ এসডি/
