ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেয়ার অনুমতির পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।
তবে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। এক পর্যায়ে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে
ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সে ধারাবাহিকতা বিষয়টির ওপর শুনানি শেষে রুল আজ যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রাজু মিয়া।
চট্টগ্রাম নিউজ / এসডি/
