চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে পাহাড়ের লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান , সকালে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুড়ি খালের লেচু বাগিচা এলাকায় খাল পার হওয়ার চেষ্টা করলে ভান্ডালজুড়ি খালের পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তলিয়ে যান তিনি ।
স্থানীয় বাসিন্দা মো. ইছাক জানান, পাহাড়ি ঢলের কারণে খালে তীব্র স্রোত ছিল। সেই সময় খাল পার হতে গিয়ে হৃদয় নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানিয়েছেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
