বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা দিয়ে চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ভুলবশত ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কয়েকজন শিক্ষার্থী জানালেও সব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (৩ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত সমাধান এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম, সাদিয়া সুলতানা, উম্মে হাবিবাহ ও লাউকিয়া তঞ্চঙ্গ্যা জানান, বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় তারা ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র পেয়ে উত্তরপত্রে উত্তর প্রদান করেন। প্রশ্নগুলো অস্বাভাবিক কঠিন মনে হওয়ায় অনেকেই ধারণার ভিত্তিতে উত্তর দেন। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্রটি পর্যালোচনা করে তারা দেখতে পান, সেটি ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র। পরে উত্তর মিলিয়ে দেখা যায়, অধিকাংশ উত্তরই ভুল হয়েছে। এতে পরীক্ষার ফলাফল নিয়ে তারা চরম উদ্বেগে পড়েছেন।
তাদের ভাষ্য, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রশ্নপত্র বিতরণ ও স্বাক্ষরের কাজ সম্পন্ন করলেও শিক্ষার্থীদের পক্ষে ভীতিকর পরীক্ষার পরিবেশে প্রশ্নপত্রের বছর বা ধরন যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাদের দাবি।
এদিকে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, পরীক্ষা চলাকালেই ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়টি তারা দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকদের নজরে আনেন। কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ‘কিছু হবে না’ বলে শিক্ষার্থীদের পরীক্ষা চালিয়ে যেতে বলেন।
তবে হল পরিদর্শক অধ্যাপক জসিম উদ্দিন দাবি করেন, তার দায়িত্বপ্রাপ্ত কক্ষে আটজন শিক্ষার্থীর ক্ষেত্রে এ ধরনের সমস্যা ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্র কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের প্রশ্নপত্র পরিবর্তনের ব্যবস্থা করেন।
কলেজের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কেন্দ্রে মোট ১১টি পরীক্ষার হলে দুটি কলেজের ৪৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে বান্দরবান আসনের এমপি প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানী বলেন, “সরকার যেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলছে, সেখানে শিক্ষকদের এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুল প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা অমার্জনীয়। দ্রুত বিষয়টির সমাধান করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফলাফল নিশ্চিত করতে হবে।”
কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুল্লাহ মো. ওসমান বলেন, “কিছু সমস্যার কথা শুনেছি। তবে এত বড় পরিসরে এমন ঘটনা ঘটেছে বলে আগে জানতাম না। হল পরিদর্শকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। যেমনটি একটি হলে করা হয়েছে।”
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, “অভিযোগকারী শিক্ষার্থী ও কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে বলে জেনেছি। অভিযোগ যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রামনিউজ/ এসডি/
