চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে এনায়েত আলী ফকির (৪০) নামে গুলি করে এবং কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এনায়েত আলী ফকির ওই এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বিয়ের আকদ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা এনায়েত আলীকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার ডান হাত ও ডান উরুতে গুলিবিদ্ধ হন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে তাকে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে রেখে যায় হামলাকারীরা।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে আবার চমেকে ফিরিয়ে আনা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন এনায়েত আলী ফকির দাবি করেন, জিহান, কামরুল ও ছাবেরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। তারা প্রথমে তাকে গুলি করে, পরে ধারালো অস্ত্র, লোহার রড ও ফকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করে ডোবায় ফেলে দেয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন, তবে আওয়ামী লীগের সমর্থক। এলাকার পূর্ব বিরোধ এবং বিভিন্ন ঘটনার জেরে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে কারাগার থেকে মুক্তি পান।
এদিকে আহতের স্ত্রী জিন্নাত আরা বেগম অভিযোগ করেন, ২০২৪ সালে ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষের পর থেকে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার স্বামীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে এবং ২০২৫ সালে তাদের মাদ্রাসাপড়ুয়া ছেলেকেও মারধর করা হয়েছিল। সর্বশেষ ঘটনার আগে গত শুক্রবার রাতেও তার স্বামীর ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।”
এদিকে জানা গেছে, একটি মারামারির মামলায় আদালত সম্প্রতি এনায়েত আলী ফকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরএইচ / চট্টগ্রাম নিউজ
