প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই ইউনিয়ন দুটির নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।
শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে।
এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’।
অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।
জানা গেছে, ইউনিয়ন গঠনে প্রতিমন্ত্রীর ডিও লেটারের পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এ বিষয়ে উদ্যোগ নেন। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রধান করে তিন সদস্যের গণশুনানি টিম গঠন করেন।
এরপর গণশুনানি কমিটির সুপারিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান গ্রহণ করেন। তিনি বগুড়া জেলা প্রশাসকের কাছে পাঠালে তিনি (জেলা প্রশাসক) গত ১১ ও ১৪ জুন এ বিষয়ে গেজেট প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
