প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর কুমিল্লা হাইওয়ে রিজিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকাল ২টার দিকে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান। তার নেতৃত্বে মালুমঘাট হাইওয়ে থানা, চিরিংগা হাইওয়ে থানা এবং দোহাজারী হাইওয়ে থানাসহ বিভিন্ন হাইওয়ে থানা কম্পাউন্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সকল কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ কর্মস্থল ও বাসাবাড়ির আশপাশে অধিক হারে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় তিনি হাইওয়ে পুলিশের সকল অফিসার ও ফোর্সকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি), অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আর এইচ
