চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার শাহজাহানের ছেলে। তিনি কয়েকদিনের জন্য সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টিপু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত টিপুকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, টিপু কয়েকদিনের জন্য নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের চিকিৎসক ডা. সাইমুন সিরাজ বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছে বলে শুনেছি।
চট্টগ্রামনিউজ / এসডি/
