চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক সহিংস ঘটনায় অভিযুক্ত, এলাকায় উচ্ছৃঙ্খল ব্যক্তি হিসেবে পরিচিত এবং ৯ মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান প্রকাশ ‘মাস্টার’ (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছুরিকাঘাতে এক বৃদ্ধের আঙুলের নখ বিচ্ছিন্ন করা, এক নারীর চোখ উপড়ে ফেলা, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। তিনি একসময় লোহাগাড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেই সূত্রে স্থানীয়দের কাছে ‘মাস্টার’ নামেই পরিচিত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে বুধবার সকাল ১০টার দিকে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ফকিরখীল গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তাফিজুর রহমান পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ মে ফকিরখীল গ্রামের একটি দোকানের সামনে স্থানীয় স্বপন দাশ (৭০)-এর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন মোস্তাফিজুর রহমান। এতে স্বপন দাশের বাম হাতের একটি আঙুলের নখ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে এক নারীকে নির্যাতন করে তার একটি চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সামান্য মতবিরোধের জেরেও মানুষকে মারধর ও ছুরিকাঘাত করতেন তিনি।
স্থানীয়রা জানান, সম্প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ফকিরখীল এলাকায় টাঙানো একটি ব্যানারে নিজেকে পুরানগড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেন মোস্তাফিজুর রহমান। ওই ব্যানার নিয়ে কেউ মন্তব্য করলেও তিনি ক্ষিপ্ত হয়ে উঠতেন বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আঙুলের নখ বিচ্ছিন্ন করা ও এক নারীর চোখ উপড়ে ফেলার অভিযোগসহ মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুর ২টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ
