চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে যানবাহন। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক সঞ্চালন তার।
বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে হঠাৎ আসা ঘূর্ণিবাতাসে এসব ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, ঘূর্ণিবাতাসে গাছের ডালাপালা পড়ে আহত ৯ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আবু তৈয়ব (২৭), আবু সৈয়দ, রিয়া ও মো. আশরাফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডীসহ বিভিন্নস্থানে গাছপালা ভেঙে পড়ে সড়কে থাকা টেক্সি, কার ও মাইক্রোবাস এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার।
চট্টগ্রামনিউজ/ এসডি/
