খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও যুগোপযোগী উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। এসব উদ্যোগের মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ, নদী-খাল-ছড়া পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য বিশেষ গাড়ি সেবা চালু।
এসময় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
