- বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
গত ১০ থেকে ১২ মে ২০২৬ পর্যন্ত পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্র্যাক-এর স্বাস্থ্যকর্মীদের যৌথ অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা, যাতায়াত সমন্বয় এবং মাঠ পর্যায়ের সহায়তা প্রদান করে।
দুর্গম পাহাড়ি পথ, সীমিত যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে যেখানে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন, সেখানে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যকর্মীদের নিরাপদে বিভিন্ন পাড়ায় পৌঁছে দেন।
তাদের সক্রিয় সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এই কর্মসূচির আওতায় পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের অধীন সাতটি সীমান্তবর্তী পাড়ায় মোট ২৭৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়। এর মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১০২ জন এবং ৬ থেকে ১৫ বছর বয়সী ১৭৫ জন শিশু অন্তর্ভুক্ত ছিল।
টিকাদান কার্যক্রম শুরুর আগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। হাম ও রুবেলা রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং টিকার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকাদানে অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশুদের সংক্রামক রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে। একই সঙ্গে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
এ বিষয়ে আলীকদম সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক বলেন, দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ মানুষ এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
