সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন ঔষধ তত্ত্বাবধায়ক ও ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ।
মোবাইল কোর্ট অভিযানে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি মোবাইল কোর্ট এর আওতায় না পড়ায় তাকে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ এবং বিআইটিআইডি কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করা হয়।
অপরদিকে উক্ত প্রতিষ্ঠান সংলগ্ন আর জাহান ফার্মেসী নামক ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদন বিহীন এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ ইকবালকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
