সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
রবিবার (১০ মে) আলীকদম ব্যাটালিয়ন সদর ১ নম্বর জিপি গেট সংলগ্ন এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এএমসি ক্যাম্পটি পরিচালনা করেন।
ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি সম্প্রদায়ের আনুমানিক ১৫০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের জন্য চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, আর্থিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ছাড়া সীমান্তবর্তী বিভিন্ন বিওপি এলাকায় পর্যায়ক্রমে আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে ব্যাটালিয়নের স্টাফ অফিসার, বিজিবির বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি কর্মকর্তারা জানান, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, আস্থা ও পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার করবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
