চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালীয়া পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ধান কাটার সময় হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি দ্রুত বন বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে চুনতী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের নির্দেশে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে।
চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। সাপটি সুস্থ থাকায় চিকিৎসা কেন্দ্রে না পাঠিয়ে সরাসরি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ২৪ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
