টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি হয়নি। তবে বেলা ১২টার দিকে বৃষ্টি বাড়তে শুরু করে। এর ঘণ্টাখানেক পর প্রবর্তক মোড়, মেডিকেলের সামনের সড়ক, পাঁচলাইশ আবাসিক এলাকার বিভিন্ন অংশ ও কাতালগঞ্জের কিছু অংশে ফের জলাবদ্ধতা দেখা দেয়।
বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ঘুরে দেখা গেছে প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত অংশ জলাবদ্ধতার কবলে পড়েছে তৃতীয় দিনের মত। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।
গত ২৪ ঘণ্টায় দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতেই তলিয়ে গেছে নগরের নিচু এলাকা, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মূলত বায়ুচাপের পার্থক্যের কারণে সমুদ্র উত্তাল থাকায় এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বৃষ্টির ফলে মুরাদপুর, দুই নম্বর গেট, কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভোগান্তির কথা জানিয়ে চকবাজার এলাকার বাসিন্দা তৌফিকুল আলম বলেন, একটু বৃষ্টি হলেই গলিগুলোতে হাঁটু সমান পানি জমে যায়। ড্রেন উপচে নোংরা পানি ঘরে ঢুকেছে। এই অবস্থায় বাজারে যাওয়া বা কাজে বের হওয়া আমাদের জন্য নরক যন্ত্রণার মতো।
প্রবর্তক মোড় এলাকায় বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খালগুলোতে রিটেইনিং ওয়াল করার জন্য বাঁধ দেওয়া হয়েছে। কিন্তু এবার প্রত্যাশার চেয়ে আগেই ভারী বৃষ্টি হওয়ায় পানি জমতে শুরু করে। আমি আর্মি এবং সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বাঁধগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। বাঁধ খুলে দেওয়ার পর থেকে পানি নামতে শুরু করেছে।
নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে মেয়র বলেন, গতকালকের ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদিও এই কাজগুলো সিডিএ কিংবা সেনাবাহিনী করছে, কিন্তু চট্টগ্রামের মেয়র হিসেবে আমি জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
এসময় মেয়র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঠিকাদার ম্যাক্স গ্রুপের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আগ্রাবাদ ও ইপিজেড এলাকায় ম্যাক্স গ্রুপ র্যাম্প নামানোর কাজ শেষ করতে পারেনি। এই দুর্নীতিবাজ ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সিডিএকে আহ্বান জানাচ্ছি।
মঙ্গলবার কয়েক ঘণ্টার টানা ভারি বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকার পাশাপাশি নতুন নতুন এলাকাও তলিয়ে যায়। এজন্য জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নগরীর হিজড়া খাল ও জামালখান খালে চলমান সংস্কার কাজের লক্ষ্যে দেওয়া অস্থায়ী বাঁধগুলোকে দায়ী করে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল করিম বলেন বাঁধ কেটে দেওয়ার কাজ শুরু হয়েছে।
হিজড়া খালটি নগরীর মেহেদীবাগের গোলপাহাড় মোড় থেকে শুরু হয়ে প্রবর্তক মোড়, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার হয়ে বাকলিয়ার ফুলতলী এলাকায় গিয়ে শেষ হয়েছে।
বুধবার বিকেলে প্রবর্তক মোড় এলাকায় পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন চট্টগ্রামবাসীর পাশে থাকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে চট্টগ্রামবাসীর জন্য দুঃখ প্রকাশ করেছেন। উনার নির্দেশে আজকে সব জায়গায় আমি ঘুরছি। কোন জায়গায় কিন্তু পানির সমস্যা নেই।
“আমি আগ্রাবাদ, হালিশহর, রামপুরা, জামালখান, চকবাজার, বাকলিয়া ও জিইসি গিয়েছি। কোন জায়গায় পানির সমস্যা নেই। শুধু এই অংশটুকু হচ্ছে। যেহেতু এখানে খালের রিটেইনিং ওয়াল করার জন্য সমস্ত শিট পাইলগুলো এখানে দিয়ে রেখেছে। এখানে যথেষ্ট অবস্ট্রাকশন আছে। এগুলো এখন তাদেরকে উঠায় নিতে হবে।”
তিনি বলেন, “সেইম কাতালগঞ্জে তারা অবস্ট্রাকশন করে রেখেছে। এগুলো উঠায় ফেললে আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। এবং জামালখানেও যেহেতু বাঁধ দেওয়া হয়েছে। ওই বাঁধগুলো তারা এখনো খুলেনি। ওই বাঁধগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। পুরো খোলেনি। খুললে একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি।”
প্রবর্তক মোড় থেকে বদনা শাহর মাজার অংশে জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে জানিয়ে মেয়র শাহাদাত বলেন, “এজন্য মেডিকেলের পরিচালককে বলেছি বিকল্প এই সড়কটা (নার্সিং কলেজের রোড) খুলে দিতে। তিনি খুলে দিয়েছেন। যাতে বিকল্প রাস্তা ব্যবহার করতে পারে।
“এখানে যেহেতু পানি উঠছে সবাইকে অনুরোধ করছি এই অংশটা ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য। হিজড়া খালে মোট ৩০টা বাঁধ দেওয়া হয়েছিল। সব বাঁধ এখনো পুরো খুলতে পারেনি। আস্তে আস্তে খুলছে।”
তিনি বলেন, “মূল হচ্ছে কাজটা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সেনাবাহিনী। আশা করেছিলাম উনারা আজ এখানে থাকবেন। যারা মেগা প্রজেক্টের দায়িত্ব নিয়েছেন। উনাদের দেখছি না।
“আপনারা আসল জায়গায় কথাটা বলছেন না। ২০১৬ সালে শেখ হাসিনা চট্টগ্রাম সিটি করপোরেশনকে এই প্রজেক্ট না দিয়ে সিডিএকে দিয়ে যে বিশাল ভুল করে গেছে। কেন এই ভুল করল। এই ভুলের কারণে আজ এই সমস্যা হয়েছে। ২০১৬ সালের প্রজেক্ট ১৯ সালে গেছে। ১৯ থেকে ২২ সালে গেছে। আমি ২০২৪ সালে আসার পরে এক বছরে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।”
বিকেলে নগরীর জামালখান এলাকায় ঘুরে দেখা গেছে চেরাগী পাহাড় সংলগ্ন অংশে খালের বাঁধ কেটে দেয়া হয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
