চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত সোমবার (২০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে মন্দিরটির দ্বারোদ্ঘাটন করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মন্দির উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী এবং কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়।
পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়। মনোরম স্থাপত্যশৈলীতে নির্মিত এ মন্দিরের মূল স্থাপনার সম্পূর্ণ অর্থায়ন করেছে অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে এটি বাস্তবায়িত হয়েছে।
মন্দিরটির নকশা ও প্রকৌশল সহায়তা দিয়েছে ‘এস্ট্রো’, আর ইন্টেরিয়র সজ্জায় কাজ করেছে ‘দি-অ্যাড কমিউনিকেশন’। সার্বিক তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি।
আর এইচ
