প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিগত স্বৈরাচার সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, তার মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আমরা এ দুর্নীতিকে রোধ করতে চাই। এটা জনগণের টাকা, তাদের টাকা পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড করবো ইনশাআল্লাহ।’
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজে ৯১১ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বগুড়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ী এলাকায় পৌঁছান। সেখানে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত নিম্নআয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এ কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে অধিকাংশই গ্রামের মানুষকে ঘিরে। দেশের ৭০ ভাগ মানুষ গ্রামে বাস করেন; তাদের ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি।’
বিএনপি চেয়ারম্যান নির্বাচনি প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমরা দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা, ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের কথা। ইতোমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশের ১২ লাখ কৃষক এতে সুবিধা পেয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’
পরে তিনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা, বগুড়া প্রেস ক্লাবের নবনির্মিত ভবন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন।
