চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স দুবাই থেকে আসা ফ্লাইদুবাইর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেট উদ্ধার করেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিমানবন্দরের কাস্টমস হলে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইট FZ-563 এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর বাড়ি চন্দনাইশের জাফরাবাদ। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা।
তিনি জানান, যাত্রী থেকে আটক চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।
ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
