“বাবার সাথে পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতেই সাত বছরের শিশু জান্নাতুল ইরাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে ইরা বাধা দেয় এবং তার বাবাকে বলে দেওয়ার কথা জানায়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শিশুটির গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে বাবু।”
গ্রেপ্তার ঘাতক বাবু শেখ (৪৫) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতাকুণ্ড ইকোপার্কে সংঘটিত এই নৃশংস ঘটনার এভাবেই লোমহর্ষক বর্ণনা দিয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশী ও পেশায় রিকশাচালক মনিরুল ইসলামের সঙ্গে ঘাতক বাবু শেখের কয়েকবার ঝগড়া হয়েছিল। এই ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতেই সে মনিরুল ইসলামের মেয়ে ইরাকে হত্যার পরিকল্পনা করে।
ঘটনার দিন রবিবার (১ মার্চ) সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে প্রাথমিক জবানবন্দিতে উল্লেখ করেছেন অভিযুক্ত। শিশুটি চিৎকার শুরু করলে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান তিনি।
তিনি বলেন, বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে সীতাকুণ্ড পাহাড়ের নির্মাণাধীন সড়কে কর্মরত শ্রমিকেরা গলাকাটা অবস্থায় শিশুটিকে দেখতে পান এবং থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
তদন্তে নেমে পুলিশ ও র্যাব-৭ চন্দ্রনাথ ধাম পাহাড়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে পায়। ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে পাহাড়ের পথে যাচ্ছে। পরে পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাকে প্রতিবেশী ভাড়াটিয়া বাবু শেখ বলে শনাক্ত করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু শেখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত হাদেম শেখের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘাতককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় খুনি বাবু শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকাহত এলাকাবাসী।
চট্টগ্রামনিউজ/এসডি/
