চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার সময় উপজেলা প্রশাসনের অভিযানে একটি স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে অনুমতি ব্যতীত কৃষিজমির টপসয়েল কর্তনের অভিযোগে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশ, আনসার সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাটিখেকো সিন্ডিকেট ওই এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আর এইচ/
