চট্টগ্রামের লোহাগাড়ায় পুরাতন মাটির ঘরের দেয়াল ধসে মাটি চাপা পড়ে মোঃ খালেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শমসু হাজী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ ওই এলাকার বাসিন্দা আব্দুল মন্নানের পুত্র। তিনি পেশায় এসি ও ফ্রিজ সার্ভিসিংয়ের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, নতুন একটি বিল্ডিং ঘর নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে পুরাতন মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে দেয়াল ধসে পড়লে খালেদ মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই বাড়ির কাজে নিয়োজিত শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মাটি সরিয়ে খালেদকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরাতন মাটির ঘরের দেয়াল ভাঙার সময় হঠাৎ ধস নেমে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাটি আমাদের জানানো হয়নি। জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
