চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে চলাফেরাকারী সন্ত্রাসী শওকত আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলীর চারাবটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি শওকত আলীর অবৈধ অস্ত্র হাতে চলাফেরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড-সংযুক্ত টাস্কফোর্সের মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শওকত আলী অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। বালুমহালে আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করতেন এবং নিয়মিত চাঁদা আদায় করতেন।
এ ছাড়া পার্শ্ববর্তী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিক্রির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকার সন্ত্রাসী চক্রের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে গ্রেপ্তারের সময় তাঁর হাতে ভাইরাল হওয়া অবৈধ অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় দুটি হত্যা মামলা রয়েছে।
আর এইচ/
