দুপুর ১১টায় সিলেটে পৌঁছে মাত্র দুই ঘণ্টার মধ্যেই মাঠে নামতে হয়েছিল অ্যাডাম রসিংটনকে। বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচে ব্যাট হাতে করতে পারেননি কিছুই—রান ছিল মাত্র ১। অভিষেকটা ছিল যেন দুঃস্বপ্নের মতো।
তবে ঠিক পরের ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিলেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটার। গ্লাভস হাতে গড়লেন বিশ্বরেকর্ড, ব্যাট হাতে তুলে নিলেন ফিফটি। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭.২ ওভার হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে তারা। ঢাকাকে স্বল্প রানে আটকে রাখতে বোলারদের পাশাপাশি বড় ভূমিকা রাখেন উইকেটের পেছনে থাকা অ্যাডাম রসিংটন।
এই ম্যাচে চারজন ব্যাটারকে স্টাম্পিং করে আউট করেন রসিংটন, যা স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ স্টাম্পিংয়ের বিশ্বরেকর্ড। এর মাধ্যমে তিনি যৌথভাবে নাম লেখান ইতিহাসের পাতায়।
ম্যাচে রসিংটনের প্রথম শিকার ছিলেন উসমান খান। এরপর একে একে তার স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম।
এর আগে এক ম্যাচে চারটি করে স্টাম্পিং করেছিলেন আরও ছয়জন উইকেটরক্ষক। সর্বপ্রথম ২০০৪ সালে কাউন্টি ক্রিকেটে গ্লামরগ্যানের হয়ে এই কীর্তি গড়েছিলেন টনি ফ্রোস্ট। পরে এই তালিকায় যোগ দেন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান সাহা, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে। এবার সেই এলিট তালিকায় যুক্ত হলো চট্টগ্রাম রয়্যালসের উইকেটরক্ষক অ্যাডাম রসিংটনের নাম।
আর এইচ /
