চট্টগ্রামের বোয়ালখালীতে দিন দিন বেড়ে গেছে চুরির ঘটনা।
প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মাঝে।
মঙ্গলবার দিবাগত রাতে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ভবনের গ্রিল কেটে আইসিটি ল্যাব ও প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, চার্জার ও প্রজেক্টর নিয়ে গেছে চোরের দল ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের দিঘির পাড়ে হাঁটতে গিয়ে এ বিষয়টি জানতে পারেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, চোরের দল লোহার গ্রিল কেটে ভবনে প্রবেশ করেছে। তারা আইসিটি কক্ষের তালা ভেঙে ৬টি ল্যাপটপ ও ১০টি চার্জার এবং ২টি প্রজেক্টর নিয়ে গেছে। এছাড়া আমার কক্ষে ঢুকে সমস্ত কাগজপত্র এলোমেলো করে ফেলেছে। সবমিলিয়ে প্রায় ৪ লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে ধারণা করছি।
তিনি জানান, গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয় পাহারায় রাতে একজন নৈশপ্রহরী ছিলেন। তার চোখকে ফাঁকি দিয়ে এঘটনা ঘটেছে।
একই দিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার বিদগ্রাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের তালা ভেঙে দানবাক্স নিয়ে যায় চোর।
ইউপি সদস্য কিশোর ভঞ্জ জানান, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় মন্দিরের তালা ভেঙে দানবাক্স চুরি করা হয়। তিনি আরও জানান, দানবাক্সটি বছরে একবার খোলা হয় এবং এতে প্রায় ৩০ হাজার টাকা পাওয়া যায়। প্রতি বছরের ২৩ মাঘ মন্দিরের বাৎসরিক উৎসবে ওই টাকা ব্যয় করা হয়ে থাকে।
সপ্তাহ পূর্বে ২৩ ডিসেম্বর রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এসময় ভেন্টিলেটর ভেঙে অফিস কক্ষে ঢুকে একটি মনিটর, একটি ডেস্কটপ কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন।
আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব জানান, মঙ্গলবার বিকেলে অফিস কার্যক্রম শেষ করে কক্ষ তালাবদ্ধ করে সবাই চলে যান। বুধবার সকালে অফিস খুলে ভেন্টিলেটর ভাঙা ও কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে ২৬ নভেম্বর রাতে বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেক্সটপ কম্পিউটার এবং ভ্যাকসিন বিক্রির নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অধিদপ্তরের কর্মকর্তারা কার্যালয়ে এসে এ ঘটনা জানতে পারেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে এসে চুরির ঘটনা দেখতে পাই। এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপরে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, তিনি মাত্র কয়েক দিন হলো থানায় যোগদান করেছেন। তাই সবকিছু এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে তিনি সম্প্রতি এলাকায় একাধিক চুরির স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন। এ ছাড়া ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মাঠপর্যায়ে কাজ চলমান রেখেছে। দ্রুতই এসব চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আর এইচ/
