কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেদা ও আলীখালী এলাকার ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী ছনখলা এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, অগ্নিকাণ্ডে অন্তত ২০ থেকে ২৫টির বেশি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। দাহ্য ছন ও ত্রিপলের তৈরি ঝুপড়ি ঘর হওয়ায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্থানীয় প্রশাসন ও ক্যাম্পের বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সব পক্ষ একযোগে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অন্তত ২০ থেকে ২৫টি ঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, এফ-ব্লক ও সিএ-ব্লকের প্রায় ২০ থেকে ২৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আর এইচ/
