চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারের চেষ্টার অভিযোগে বিপুল পরিমাণ ডিজেলসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতের দিকে নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলারটিতে থাকা ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ট্রলারে থাকা নয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে এসব ডিজেল অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বাংলাদেশ থেকে বিভিন্ন মাছ ধরার ট্রলারের মাধ্যমে জ্বালানি তেল, সিমেন্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মিয়ানমারে পাচার করা হয়। এসব পাচারের বিনিময়ে ইয়াবাসহ মাদকদ্রব্য দেশে আনা হয় বলে বিভিন্ন সময় উঠে এসেছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
আর এইচ/
