চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল রাতে বাড়িতে ঢুকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে। লুট হওয়া গরুর মধ্যে একটি গর্ভবতী গাভী, একটি মা ও বাছুর রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা গ্রামের মাহালিয়া রাস্তার মাথা এলাকার মো.নুরুন্নবী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. ফারুক জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দরজায় কড়া নাড়তে থাকে। দরজা খোলার সময় তারা দাবি করে বাড়িতে ঢুকতে চাইছে। দরজা না খোলার কারণে তারা প্রায় আধা ঘণ্টা ফারুকের সঙ্গে তর্ক ও গালিগালাজ চালায়। পরে বাইরে গিয়ে দেখেন, গোয়াল ঘরের গরুগুলো ডাকাত দল লুট করে নিয়ে গেছে।
মো.ফারুক বলেন, লুট হওয়া গরু ৩ টির মধ্যে একটি মা ও একটি বাছুর এবং আরেকটি গাভী সপ্তাহ-দশ দিনের মধ্যে বাচ্চা দিবে। আমি সিজানাল ফলের ব্যবসা করি। এখন বেকার। এক ভাই বাড়িতে থাকে, আরেক ভাই দশম শ্রেণিতে পড়ে। মূলত আমার বাবা গরুগুলো দেখা-শুনা করে। মূলত আমরা তিন ভাই ও মা-বাবার সংসারে বর্তমানে অনেকটা গরুর দুধ বিক্রি করে সংসার চলে। সংঘবদ্ধ ডাকাত দল গাড়িতে করে গরুগুলো নিয়ে যায়। যার ফলে আমরা খুবই কষ্টে পড়ে গেলাম। এ ঘটনার পরপরই আশেপাশের লোকজন ও পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আমাদেরকে আইনি সহায়তার আশ্বাস দিয়ে চলে যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ভুক্তভোগীদের থানায় অভিযোগ অথবা মামলা দিতে বলেছি। আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর এইচ/
