রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২১ ডিসেম্বর ) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সেলিম জানান, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করেই পুরাতন বাসস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকান ও একটি বেতের দোকানে আগুন দেখতে পান। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের জরুরি নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরবর্তীতে কোতোয়ালী থানা পুলিশের কিলো ডিউটিতে থাকা একটি টহল গাড়ি থামিয়ে কর্তব্যরত এক উপপরিদর্শককে (এসআই) বিষয়টি জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করে তাদের ঘটনাস্থলে নিয়ে আসে।
এরই মধ্যে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে করে সেখানে থাকা তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাস মালিকদের অভিযোগ, সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো। তারা আগুনের সূত্রপাত ও দেরিতে উদ্ধার কার্যক্রম শুরু হওয়া নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
আর এইচ/
