সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মরদেহ দেশে প্রত্যাবর্তন করেছে।
আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি মরদেহ গ্রহণ করেন।
মরদেহ গ্রহণকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা’র ফোর্স কমান্ডারের প্রতিনিধি ও চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), সেনা সদর দপ্তরের ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সামরিক মর্যাদায় শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয় এবং সকল সামরিক কর্মকর্তা সম্মানসূচক স্যালুট জানান।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, আগামীকাল রোববার (২১ ডিসেম্বর ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে শহীদদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় ইউনিসফা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের (লেভেল-৩) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন,“শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।”
তিনি শহীদ শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আর এইচ /
