চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকছড়ি থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম (৪০)। সাইফুল ইসলাম মানিকছড়ি থানার উপ-পরিদর্শক। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো: ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। এ ঘটনায় আরও আহত হয়েছেন কনস্টেবল আল নোমান ও মো. ইয়াসিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এএসআই সাইফুল ইসলাম ও হাফিজ মারা যান।
পরে নিহতদের লাশ এবং আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
