বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাত দোকান ব্যবসায়ীর হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা মাঠে এ সহায়তা প্রদান করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশিকুর রহমান। এ সময় বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে মেজর আশিকুর রহমান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, দুর্গত মানুষের কষ্ট লাঘবেও বদ্ধপরিকর। অধিনায়কের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো হয়েছে, যাতে তারা দ্রুত তাদের ব্যবসা পুনরুদ্ধার করতে পারে।
তিনি আরও বলেন, বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, বন্যাদুর্গতোদের ত্রাণ সহায়তা, গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের কম্বল প্রদান এবং এতিম ও অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এ মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত স্থানীয়রা ১১ বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
