শ্রীলংকান নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২৭-৩০ নভেম্বর কলম্বোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ছেড়েছে। জাহাজটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় স্থানীয় নৌ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদদের উপস্থিতিতে নৌবাহিনীর জাহাজগুলো অংশ নেবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে পেশাদারত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিত আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত মানোন্নয়ন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
