খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন আরাফাত (১৬) নামে ফটিকছড়ির এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মুহাম্মদ তারেক (১৭) নামে আরও এক কিশোর।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফাত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র ছেলে। আহত তারেক একই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আরাফাত মারা যান। গুরুতর আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আর এইচ/
