আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। “ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভূইয়া” — এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও পাড়া-মহল্লায় চলছে ব্যাপক গণসংযোগ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই এই ক্যাম্পেইন চালাচ্ছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো।
উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন বলেন, “দলীয় নেতাকর্মীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে ধানের শীষে ভোট চাচ্ছেন। এতে জনগণের ব্যাপক সাড়া মিলছে।”
সাধারণ সম্পাদক সাফায়েত মোরশেদ মিঠু জানান, নির্বাচনের প্রাক-প্রচারণা জোরদারে চারটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা কেন্দ্রভিত্তিক তদারকি ও নির্দেশনা দিচ্ছেন, পাশাপাশি নিজেরাও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।
রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাহাড়ের উন্নয়নের রূপকার জননন্দিত নেতা ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।”
দলীয় সূত্র জানায়, নতুন উপজেলা ও পৌর কমিটি অনুমোদনের পর থেকেই সংগঠনে গতি ফিরে এসেছে। নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। কমিটি গঠনের পর থেকে তারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে মতবিনিময় সভা করছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন—যেমন রাস্তা সংস্কার, জলাশয় পরিষ্কার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ইত্যাদি।
বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ বলেন, “রামগড়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিপুল জনসমর্থন রয়েছে। একই চিত্র পুরো খাগড়াছড়িতেই দেখা যাচ্ছে। নির্বাচনী প্রাক-প্রচারণা ভোটারদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।”
আর এইচ/
