আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে কুতুবদিয়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা গেইট চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ) ও ওয়াটার্স কিপার্স বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ধরা’র সভাপতি শহীদুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি ও কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, কুতুবদিয়া বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অতিরিক্ত শিল্পায়ন ও ভারী শিল্প থেকে নিঃসৃত কার্বন এখন সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর ভয়াবহ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো বিশেষ করে কুতুবদিয়া দ্বীপ জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে বিপর্যস্ত।
তারা আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন-জীবিকা আজ মারাত্মকভাবে হুমকির মুখে।
বক্তারা মানবসৃষ্ট এই ক্ষতিকর প্রভাব রোধে কুতুবদিয়াবাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং মোড়ল দেশগুলো থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান।
আর এইচ/
