খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সহায়তায় লিটন ত্রিপুরা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ি এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগে জানা যায়, তিনি সেদিন সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে মাটিরাঙ্গার একটি পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
তিনি আরও জানান, ধর্ষণের পর লিটন তাকে আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করে। পরে তিনি বন্ধুকে ফোনে বিষয়টি জানালে ওই বন্ধু স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “অস্ত্রটি উদ্ধার করা যায়নি। ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার লিটন ত্রিপুরাকে আদালতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আর এইচ/
