চট্টগ্রামের বাঁশখালীতে কার্ভাড ভ্যানচাপায় মো. ফাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুনপাড়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক পার হওয়ার সময় পেকুয়া অভিমুখী একটি কার্ভাড ভ্যান (ঢাকা-মেট্রো-ট: ১৫-১১৯৩) শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
বাঁশখালী থানার এসআই জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
আর এইচ/
