চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চিকিৎসকদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো রোগীদের সুস্থ করে তোলা। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা যেভাবে সেবা দিয়েছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ চিকিৎসকদের সেই আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র বলেন, “আজ যেসব ইন্টার্ন চিকিৎসকরা ছাড়পত্র পেলেন, তারা মনে রাখবেন—করোনা মহামারির সময় অনেক চিকিৎসক নিজের জীবন উৎসর্গ করেছেন। অনেকেই আক্রান্ত হয়ে আজও ভুগছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা সেবা পেয়েছি।”
নিজের পেশাগত অভিজ্ঞতা স্মরণ করে মেয়র বলেন, “রোগীদের সুস্থতাই আমাদের আনন্দ ও তৃপ্তি। আমি কারাগারে থাকাকালীন সময়েও চিকিৎসাসেবা দিয়ে গেছি। চিকিৎসা পেশা কেবল চাকরি নয়, এটি মানবসেবার মহান দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মানুষের আস্থা অর্জন করতে হলে ডাক্তারদের আন্তরিক হতে হবে। রোগীর সঙ্গে মমতাপূর্ণ আচরণ ও পরামর্শই তাদের দ্রুত সুস্থতায় সহায়ক।”
ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের উল্লেখ করে মেয়র বলেন, “ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণআন্দোলন—সব সময়ই চিকিৎসকরা জনগণের পাশে ছিলেন। তাই চিকিৎসক সমাজকে দেশের ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আব্দুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী, উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান, ডা. ফয়জুর রহমান ও ডা. বেলায়েত হোসেন ঢালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আর এইচ/
