রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত সোয়া ১০টা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং রাত সাড়ে ১২টার দিকে শেষ হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, মালিবাগ সিআইডি ফরেনসিক বিভাগ থেকে নিহতদের ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়। পরে তারা ঢামেকে এসে মরদেহ গ্রহণ করেন।
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নিহত প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এই অনুদান তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসেন স্বজনদের হাতে তুলে দেন।
নিহতরা হলেন— বরগুনা জেলার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার(১৪), ভোলা জেলার লালমোহন উপজেলা দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহের মেয়ে নার্গিস আক্তার(১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার মিজানুর রহমানের সন্তান মো. ছানোয়ার হোসেন (২৫), গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের সন্তান নূরে আলম সরকার (২৩), বরগুনা জেলার আমতলী উপজেলার দাড়ি কাটা গ্রামের মৃত মজিবুর রহমানের সন্তান আল মামুন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তিলকনগর গ্রামের নজু মিয়ার সন্তান রবিউল ইসলাম রবিন (২০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫),বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯), নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪), নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামে সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া(১৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২), শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম(৩৬), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লাগে।
দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়।
পরদিন বুধবার (১৫ অক্টোবর) ৬ জনের এবং আরও এক দিন পর ১০ জনের মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদের সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর হস্তান্তর সম্পন্ন হয়।
