বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। তিনি জানিয়েছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনায় নিতে উচ্চ পর্যায়ের একটি কমিশন গঠন করা হবে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণের প্রসঙ্গ এসেছে। কেউ কেউ আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিও তুলেছেন। এসব দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে, আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”
তারেক রহমান দাবি করেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন শিক্ষকদের অনেক দাবি পূরণ হয়েছে। ভবিষ্যতেও জনগণের রায় পেলে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি।
আর এইচ/
